ইজরায়েলে সরকার গঠনের সুযোগ আইজেনকোটের

সরকার গঠনের সুযোগ পেয়েছেন ইজরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট বলে জানিয়েছে বিবিসি। সাম্প্রতিক সাধারণ নির্বাচনে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন জোট সরকার গঠনের জন্য বিরোধীদলীয় নেতা ও সাবেক সেনাপ্রধানকে দায়িত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। টানা রাজনৈতিক দরকষাকষির পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিবর্তে বিরোধী শিবিরের আইজেনকোটকেই প্রথম সুযোগ দিলেন প্রেসিডেন্ট।

১২০ আসনের ইজরায়েলি পার্লামেন্ট কেসেটে সরকার গঠনে প্রয়োজন হয় অন্তত ৬১টি আসন। রাষ্ট্রপতির দফতর থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়, নতুন নির্বাচিত কেসেট (ইসরায়েলি সংসদ) সদস্যদের সঙ্গে আলোচনার পর গাদি আইজেনকোটের পক্ষে ৬৭টি এবং নেতানিয়াহুর পক্ষে ৪৬টি পরামর্শ জমা পড়েছিল। এর ওপর ভিত্তি করেই প্রেসিডেন্ট হারজোগ এই সিদ্ধান্ত নেন। নিয়ম অনুযায়ী, জোট সরকার গঠনের জন্য প্রাথমিক পর্যায়ে ২৮ দিন সময় পাবেন আইজেনকোট, যা প্রয়োজনে আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় আইজেনকোট লেখেন, ‘এখন একটি জাতীয় জরুরি সরকার গঠনের সময় এসেছে। দেশের মানুষের আস্থার মর্যাদা দিতে সর্বোচ্চ চেষ্টা করবো।’

তবে তার জন্য সরকার গঠনের পথ অনেকাংশে জটিল। আরব দলগুলোর ১৯ আসন বড় ভূমিকা রাখলেও, ইহুদি দলগুলোর একটি ছাড়া বাকিরা আগেই ঘোষণা দিয়েছিল তারা আরব জোটের সঙ্গে কোনও জোটে যাবে না। ফলে আইজেনকোট কি আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গড়বেন, আল্ট্রা-অর্থোডক্সদের টেনে আনবেন, নাকি নেতানিয়াহুর সঙ্গে জাতীয় ঐক্য সরকার গঠনের চমক রাখবেন— সেদিকেই এখন নজর সবার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।