আমন ধানের নতুন মৌসুম শুরুর আগেই নওগাঁর বাজারে বিভিন্ন জাতের চালের দাম কেজিতে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত বেড়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের সাধারণ মানুষরা। একইভাবে কুষ্টিয়ার চালের মোকাম খাজানগরে বেড়েছে চালের দাম। বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, শ্রমিকের মজুরি, পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
নওগাঁর খুচরা বাজারে দুই সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে ৩ থেকে ৫ টাকা বেড়েছে। গেলো সপ্তাহে প্রতি কেজি কাটারিভোগ চাল ৬৮ থেকে ৭৫ টাকায় বিক্রি হয়েছে। এখন বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। জিরাশাইল চাল ৬৮ থেকে ৭০ টাকার পরিবর্তে ৭৫ টাকায় এবং মিনিকেট ৬৫ থেকে ৭০ টাকায়। কুষ্টিয়ার ব্যবসায়ীরা জানান, বিভিন্ন জাতের চালের দাম কেজিতে এক থেকে তিন টাকা পর্যন্ত বেড়েছে। মিনিকেট বিক্রি হচ্ছে ৭০ টাকায়, আটাশ তিন টাকা বেড়ে ৫৫টাকায়। চালের দাম বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। নিত্যপ্রয়োজনীয় এই খাদ্যপণ্যের বাড়তি দামে তাদের সংসারের ব্যয় সামলানো কষ্টকর হয়ে যাচ্ছে। এদিকে, মিল মালিকদের দাবি উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় তারা চালের দাম বাড়াতে বাধ্য হয়েছেন।
