১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক ছাত্রলীগের-আট দফা দাবী

নিজস্ব প্রতিবেদক, ডিপইস্ট নিউজ বাংলা

আগামী ১০ নভেম্বর দেশব্যাপী ‘সর্বাত্মক ধর্মঘট’ পালনের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আট দফা দাবি তুলে ধরে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।


গত ৬ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে সংগঠনটি বাংলাদেশের মানুষের মুক্তি, স্বস্তি, গণতন্ত্র, স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি ছাত্রসমাজের শিক্ষার অধিকার নিশ্চিত করার কথা উল্লেখ করেছে। বিজ্ঞপ্তিতে সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষর রয়েছে।

বিজ্ঞপ্তিতে উত্থাপিত দাবিগুলো হলো—
১. শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় বাতিল, সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তি দিতে হবে। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে ‘ক্যাঙ্গারু কোর্ট’ হিসেবে অভিহিত আদালতের রায়গুলো বাতিলের দাবিও জানানো হয়েছে।
২. বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
৩. শিক্ষার্থীদের শিক্ষার অধিকার ফিরিয়ে দিতে হবে। শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ বাতিল, সার্টিফিকেট পুনর্বহাল এবং ক্লাস, পরীক্ষা ও আবাসনের অধিকার নিশ্চিত করতে হবে।
৪. বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস, পানি ও সারের দাম কমিয়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
৫. সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশনের নামে হয়রানি ও রাজনৈতিক স্ক্রিনিং বন্ধ করতে হবে। মেধার ভিত্তিতে সবার চাকরি পাওয়ার নিশ্চয়তা দিতে হবে।
৬. পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) দলীয়করণ বন্ধ করতে হবে।
৭. শিক্ষাখাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৬ শতাংশ ব্যয় নিশ্চিত করতে হবে।
৮. সন্ত্রাস, জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতামুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।

বিজ্ঞপ্তিতে ১০ নভেম্বরের ধর্মঘটের আওতা সম্পর্কেও বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ওই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাস, ট্রাক, রেল ও লঞ্চ চলাচল বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দোকানপাট, শিল্প-কলকারখানা, সরকারি ও বেসরকারি অফিস বন্ধ রাখার কথা বলা হয়েছে।
এ ছাড়া ব্যাংকে কোনো ধরনের লেনদেন হবে না এবং আদালতও বন্ধ রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।


তবে জরুরি সেবা হিসেবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও সংবাদমাধ্যমকে ধর্মঘটের আওতামুক্ত রাখার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।