ওভাল অফিসে দিয়া জ্বালিয়ে দিওয়ালি উদযাপন ট্রাম্পের

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রদীপ (দিয়া) প্রজ্বলনের মধ্য দিয়ে দিওয়ালি উৎসব উদযাপন করেছেন। শুক্রবার (৬ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী, উদ্যোক্তা ও মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা, এফবিআই পরিচালক কাশ প্যাটেল, আইবিএমের প্রধান নির্বাহী কর্মকর্তা অরবিন্দ কৃষ্ণ, মাইক্রনের সিইও সঞ্জয় মেহরোত্রা, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের পরিচালক জয় ভট্টাচার্য এবং খ্যাতনামা শেফ বিকাশ খান্না।

এ ছাড়া অনুষ্ঠানে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ প্রশাসনের আরও কয়েকজন কর্মকর্তা ও ভারতীয়-আমেরিকান ব্যবসায়ী।


অনুষ্ঠানের একটি বিশেষ মুহূর্ত ছিল ভারতীয় উদ্যোক্তা বিশাল গোন্ডালের ট্রাম্পকে ‘হনুমান চালিশা’র একটি কপি উপহার দেওয়া। গোন্ডাল সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানের ছবি প্রকাশ করে একে ওভাল অফিসে ‘আলোর এক মিলনমুহূর্ত’ হিসেবে বর্ণনা করেন। তিনি জানান, প্রদীপ প্রজ্বালনের সময় তাঁর প্রার্থনা ছিল ভারত ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব আরও দৃঢ় হওয়া এবং অন্ধকারের ওপর আলোর বিজয়।
হোয়াইট হাউসে দিওয়ালি উদযাপনের ঐতিহ্য শুরু হয় ২০০৩ সালে, তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময়ে।


এ বছরের আয়োজনেও মার্কিন প্রশাসন ও ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে হোয়াইট হাউসে দিওয়ালির ঐতিহ্য অব্যাহত থাকল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।